আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবীজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। প্রিয় ভাইবোনেরা, ১৯৭১ সালে যে যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন। এই দেশের লক্ষ লক্ষ মা-বোনদের সম্মানহানি হয়েছে। তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে।’
তিনি বলেন, ‘কাবা শরিফের মালিক কে? এই দিনদুনিয়া, আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? এই সূর্য–নক্ষত্র যা দেখি, এর মালিক কে? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’
তারেক রহমানের প্রশ্নের উত্তরে সবাই ‘আল্লাহ’ বলে সমস্বরে উচ্চারণ করলে তিনি বলেন, ‘আপনারা সকলেই সাক্ষ্য দিলেন, পৃথিবীর মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দিব, ওই দিব বলছে, টিকিট দেব, বলছে না? যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি সে বলে, তাহলে সেটা শিরক করা হচ্ছে না? যেটার মালিক আল্লাহ একমাত্র। সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকানো ঠকাবে, আপনারা বুঝেন এবার।’
তিনি বলেন, একটি মহল দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যেকোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারবে।
তারেক রহমান আরও বলেন, বিগত ১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো।
বিএনপি চেয়ারম্যান বলেন, কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি। দিল্লি নয়-পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।
তারেক রহমান বলেন, আমরা সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লাখ লাখ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে পরিবারের সকলের সহযোগিতা বাড়বে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী। এ সময় মঞ্চে সিলেট বিভাগের চার জেলার সংসদীয় আসনের বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তব্য দেন। মঞ্চে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপি-মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় অনেক নেতা বক্তব্য দেন।
আহমেদ জামিল/এফএ/এমএমএআর