বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গুলশান ও শোলাকিয়া হামলার কারণে পর্যটন শিল্পে কিছুটা হলেও প্রভাব ফেলবে। যেমনটা ২০১৪ সালে জাপানি নাগরিক হোসি কুনিও এবং ইতালির নাগরিক তালেবা সিজার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমাদের পর্যটন শিল্প কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল এলাকায় আর কে গ্রুপের নির্মাণাধীন আরকে গ্রিনল্যান্ড পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি সিদ্ধিরগঞ্জে আরকে গ্রুপের নির্মাণাধীন আরকে গ্রিনল্যান্ড পার্ক ঘুরে দেখে মুগ্ধ ও বিস্মিত হন। নির্মাণাধীন পার্কটি সিদ্ধিরগঞ্জের একমাত্র বিনোদন ও পর্যটন কেন্দ্র। গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা সাময়িক উল্লেখ করে মন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বাংলাদেশের প্রতি বিস্ময় বিশ্ব। কেননা ভারত, বেলজিয়াম, ফ্রান্স ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ এ রকম হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনী জীবন দিয়ে হলেও মাত্র ১২ ঘণ্টার মধ্যেই জিম্মি দশা থেকে মুক্ত হয়েছে।মন্ত্রী আরো বলেন, এই রকম একটি প্রতিষ্ঠান করতে হলে অনেক অর্থের প্রয়োজন হয়। তাই আমি বিস্মিত হয়েছি।এসময় মন্ত্রী আরকে গ্রুপের টেক্সটাইল, নিটিং ও পোশাক কারখানা ঘুরে দেখেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি কুমিল্লাপট্টি এলাকায় ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ শফিকুল ইসলাম শফিককে দেখতে যান এবং তার খোঁজখবর নেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আরকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কায়সার আহামেদ রাজিব, পরিচালক কামরান আহামেদ রাসিফ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি শরাফত উল্লাহ, ডিজিএম আবুল হোসেন পাঠান, যুবলীগ নেতা মহসিন ভূঁইয়া প্রমুখ। হোসেন চিশতী সিপলু/এআরএ/এবিএস