ক্যাম্পাস

সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে ভিসি ভবন ঘেরাও জবি ছাত্রদলের

‎সাংবাদিকদের ওপর হামলায় ‘প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের’ প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় তারা ভিসি ও প্রক্টরকে এই হামলার দায় নিয়ে পদত্যাগ করার দাবি জানান।

‎রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিজ্ঞান ভবন ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এটি।

‎এসময় ‘মানি না, মানবো না’, ‘অথর্ব প্রশাসন, দলকানা প্রশাসন; মানি না, মানবো না’, ‘সাংবাদিকদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দেন।‎‎বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা কোনো সাংবাদিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ করিনি। তবে শিবিরের নেতাকর্মীরা গোপন রাজনৈতিক তৎপরতার মাধ্যমে এসব সংগঠন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে।’

তার দাবি, সাংবাদিকদের একটি অংশকে বাইরে রেখে ‘পাতানো নির্বাচনের’ মাধ্যমে সমিতি দখল করা হয়েছে।

‎তিনি আরও অভিযোগ করেন, ‘জামায়াত-শিবিরের প্রেসক্রিপশনে বর্তমান উপাচার্য সাংবাদিক সমিতির জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করেছেন, যেখানে শিক্ষক সমিতির সভাপতিকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে।’‎‎হিমেল বলেন, ‘পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া হয়, যাতে শিবির ও জামায়াতপন্থি সাংবাদিকদের নেতৃত্বে আনা যায়।

‎তিনি আরও বলেন, ‘এই হামলার দায় পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বর্তমান প্রশাসনের ওপর বর্তায়।’‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘সাংবাদিকদের ওপর শিবিরের যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার পেছনে জামাতপন্থি ভিসির দায় আছে। এ হামলায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি করা হয়নি। এ হামলার দায় এবং শিক্ষার্থীদের বৃত্তি না দিতে পারায় এর দায় নিয়ে ভিসিকে পদত্যাগ করতে হবে।’‎‎এসময় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক, জাফর আহমেদ, সুমন সরদার, মো. মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত হোসেন পরাগ, মিয়া রাসেলসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/এমআইএইচএস