মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।
জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আজও মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা চলেছে। এরই মধ্যে কাল থেকে মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষাও বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হলো।
আরও পড়ুনসোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে মর্মে সকল বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে।
এএএইচ/বিএ