আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের ইরানের পরবর্তী নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইরানের বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতাবা খামেনিকে নির্বাচিত করেছে। তবে তিনি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছিলেন, এই পদে কাউকে নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে।

মোজতাবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না।

ট্রাম্প আরও বলেন, তিনি চান না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্য কোনো সরকারকে এ সমস্যা মেটাতে আবার নতুন করে যুদ্ধ বা সামরিক অভিযান চালাতে হোক। তিনি বলেন, আমি চাই না, পাঁচ বছর পর মানুষকে আবারও একই পরিস্থিতিতে ফিরতে হোক বা একই কাজ নতুন করে করতে হোক। অথবা এর চেয়েও খারাপ কিছু ঘটুক- যেমন তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসা।

এদিকে, ইরানের কর্মকর্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর ভাষায় বলেন, আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেবো না।

আব্বাস আরাগচি বলেন, নতুন নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের জনগণের ওপর নির্ভর করে। ইরানের সাধারণ মানুষই ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদকে নির্বাচিত করেছে, যারা সর্বোচ্চ নেতা বাছাইয়ের দায়িত্বে থাকে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ