বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ প্রায় এক কোটি টাকা মূল্যের ১৭ মেট্রিক টন পাটবীজের একটি বিশাল চালান আটক করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বন্দরের ১৫ নম্বর শেডে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা। অভিযানে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন উপস্থিত ছিলেন।
বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষণার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানান তিনি।
এদিকে সচেতন মহল ও স্থানীয় কৃষকদের অভিযোগ, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এ ধরনের নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় দেশীয় কৃষি খাত দীর্ঘমেয়াদি ঝুঁকির মুখে পড়ছে। এছাড়া জালিয়াতির মাধ্যমে পণ্য আনায় সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে। তারা এ ধরনের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মো. জামাল হোসেন/কেএইচকে/এএসএম