সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আজ ঠিক করতে হবে তাদের প্রধান টার্গেট কে সাম্প্রদায়িক উগ্রবাদ নাকি আওয়ামী লীগ। প্রথমে এ বিষয়টা তাদের নির্ধারণ করতে হবে, এরপরই জঙ্গি বা উগ্রবাদ প্রতিরোধে তাদের মানসিকতার প্রকাশ ঘটবে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার যদি তাদের একমাত্র ও প্রধান টার্গেট হয়ে থাকে তাহলে উগ্রবাদের বিরুদ্ধে তারা যে বিবৃতি দিচ্ছে এবং জাতীয় ঐক্যের কথা বলছে তা হবে মূল্যহীন। তাহলে বিএনপি প্রকাশ্যে বলুক তাদের প্রধান টার্গেট হচ্ছে উগ্রবাদ প্রতিরোধ করা। তিনি আরো বলেন, উগ্রবাদীদের সঙ্গে নিয়ে কোনোদিন উগ্রবাদ দমন বা প্রতিরোধ করা যাবে না। মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চারলেন ও সওজের কর্মকর্তারা। কামাল উদ্দিন/এআরএ/পিআর