দেশজুড়ে

৪৭ জন পর্যটককে রেমাক্রিতে রেখে পালিয়ে গেলো ট্রাভেল গ্রুপের সদস্যরা

ঢাকা থেকে বান্দরবানের দুর্গম থানচি রেমাক্রি এলাকায় ৪৭ জন পর্যটককে ফেলে পালিয়ে গেলেন ভ্রমণ প্রিয় পর্যটক এবং ‘ঘুরি বাংলাদেশ’ নামের দুটি ট্রাভেল গ্রুপের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মার্চ) থানচি উপজেলার রেমাক্রি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রমণ প্রিয় পর্যটক এবং ‘ঘুরি বাংলাদেশ’ নামে দুইটি ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনায় ঢাকা থেকে ৪৭ জন পর্যটক বান্দরবানের থানচির অতি দুর্গম ও অপার সৌন্দর্যময় তিন্দু-রেমাক্রি এলাকায় ভ্রমণে যান। সেখানে ওই দুই ট্রাভেল গ্রুপের হোস্টরা পর্যটকদের রেমাক্রি এলাকায় ফেলে চলে যান। এতে চরম বিপাকে পড়তে হয় তাদের। পরে স্থানীয় গাইডদের সহায়তায় দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে পাড়ি দিয়ে থানচি সড়কের ২১ কিলো নামক এলাকায় পৌঁছানোর পর।সেখান থেকে আলীকদম আসেন।

ভুক্তভোগী পর্যটক মো.মাহামুদুল হাসান জানান, ট্রাভেল গ্রুপটি প্রতিটি পর্যটকের কাছ থেকে ৬ হাজার ৯৯৯ টাকা করে তিন দিন চার রাতের একটি প্যাকেজের মাধ্যমে তাদের বান্দরবানের থানচিতে নিয়ে আসে। কিন্তু সেবা ও নিরাপত্তা নিশ্চিত না করায় তারা চরম দুর্ভোগে পড়েন।

থানচি উপজেলার ট্যুর গাইড সেলিম বলেন, দুইটি টুর গ্রুপের চারজন হোস্ট তাকে গাইড হিসেবে থানচি থেকে বুকিং করেন। পরে তারা তাকে এবং ৪৭ জন পর্যটককে রেমাক্রি এলাকায় রেখে পালিয়ে যান।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, হয়রানির শিকার পর্যটকদের জন্য খাবারের ও নিরাপদে ঢাকায় ফেরার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি।

নয়ন চক্রবর্তী/এনএইচআর