কুমিল্লা মহানগরীর চর্থা আবাসিক এলাকায় তিনটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে চর্থা এলাকার সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক সৈয়দ রাশেদ আবদুল্লাহ্ সাংবাদিকদের জানান, ভোরে বাড়িতে হঠাৎ ককটেল বিস্ফোরণের বিকট শব্দে সবাই জেগে ওঠে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং বিভিন্ন কক্ষের টিউবলাইটসহ অন্যান্য লাইট ভেঙে যায়। বাসার অবস্থানরতদের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানাতে পারেনি বাড়ির মালিক রাশেদ আবদুল্লাহ। বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, বোমা কিংবা আতশবাজির বিস্ফোরণ কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কামাল উদ্দিন/এআরএ/এবিএস