কুমিল্লা সদর উপজেলার চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ওই বিদ্যালয়ের ছাত্রীরা ক্লাস বর্জন করে কলেজের প্রধান ফটকে একত্রিত হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা চার লেন সড়কের দুপাশে যান চলাচল বন্ধ করে সড়কে বসে পড়েন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় কলেজের উপাধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক ছাত্রীদের কলেজে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেন।বিক্ষোভকারীরা জানান, সারাদেশে ১৯৯টি কলেজ সরকারীকরণের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সে তালিকায় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের নামও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সোমবার তারা জানতে পারেন চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয়ের স্থলে উপজেলার দোল্লাই নোয়াবপুর ডিগ্রি কলেজ সরকারীকরণ করা হবে। এ পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা আরো জানান, সদরের একটি কলেজ সরকারি হলে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্রীরা এখানে পড়ালেখা করার সুযোগ পাবে। কিন্তু সদর থেকে ১৮ কিলোমিটার ভেতরের একটি কলেজ সরকারি হলে গোটা উপজেলার ছাত্রীরা সুযোগ বঞ্চিত হবে। চান্দিনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিনসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। বিক্ষোভকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে ছাত্রীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।এ ব্যাপারে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ জানান, আমি কলেজের কাজে শিক্ষা বোর্ডে গিয়েছিলাম। শুনেছি ছাত্রীরা আন্দোলন করেছে।প্রসঙ্গত, ১৯৯৭ সালে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। মো. কামাল উদ্দিন/এএম/পিআর