নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে হেফাজত ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সংঘর্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহতের মামলায় ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ ৫০ জনের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশোর নাম রয়েছে। এদের মধ্যে সিদ্ধিরগঞ্জ মাদানীনগর মাদরাসার মোয়াজ্জিম মুফতি বশির উল্লাহকে পলাতক দেখানো হয়েছে।রোববার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এতে ৫৬ জনকে সাক্ষী দেখানো হয়েছে। এছাড়া নিহত বিজিবি সদস্যদের একটি বুলেট প্রুফ জ্যাকেট, একটি চায়না এসএমজি রাইফেল ও ভেঙ্গে ফেলা ২টি এবং পুড়িয়ে দেয়া একটি পিকআপসহ ১০টি আলামত দেখানো হয়।প্রসঙ্গত, ঢাকা পিলখানার ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান সুবেদার আলী হোসেন বাদী হয়ে ২০১৩ সালের ৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। তার মামলায় উল্লেখ করেন, ৬ মে ভোর ৫টায় নায়েক সুবেদার শাহ আলমের নেতৃত্বে ৬টি পিকআপ যোগে ৬২জন সদস্য দুই ভাগে সিদ্ধিরগঞ্জে আসেন। এর একটির নেতৃত্বে ছিলেন সুবেদার শাহ আলম আর অপরটির নেতৃত্বে ছিলেন মামলার বাদী সুবেদার আলী হোসেন। ভোর পৌনে ৬টায় মাইকে ঘোষণা দিয়ে হেফাজত ইসলাম, বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় নায়েক সুবেদার শাহ আলম ও সিপাহী লাভলুর মৃত্যু হয়। এরপর বিক্ষোভকারীরা তাদের ২টি পিকআপ ভাঙচুর করে একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। ছিনিয়ে নেয় একটি এসএমজি রাইফেল। পরে সেটি ম্যাগাজিন ছাড়া উদ্ধার করা হয়।মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস