দেশজুড়ে

রংপুরে জামায়াত জোটের নিরঙ্কুশ জয়

রংপুরের ছয়টি সংসদীয় আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফলাফল অনুযায়ী ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে জামায়াত ও একটিতে জয় পেয়েছে জোটভুক্ত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জামায়াতের প্রার্থীদের মধ্যে চারজনের জয়ের ব্যবধানও ব্যাপক। এসব আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থীরা। তবে শোচনীয় পরাজয় হয়েছে জাতীয় পার্টির।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক এনামুল আহসান।

এতে দেখা যায়, রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসন জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ১৩১। দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করা হয়।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৮০ হাজার ৫৩৮ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল পেয়েছেন ৩৩ হাজার ৯৩০ ভোট।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুজ্জামান সামু পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পেয়েছেন ৪৩ হাজার ৭৯০ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর পেয়েছেন ১৬ হাজার ৪৯০ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নুরুল আমীন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। এই আসনে জাতীয় পার্টির নুর আলম মিয়া ভোট পেয়েছেন ১ হাজার ২৮৭ টি।

জিতু কবীর/এনএইচআর/এএসএম