৪০ দিন বয়সের কন্যাশিশুকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক অসহায় মা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজী শুমিলপাড়া বিহারী কলোনি এলাকার ৩নং পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।খবর পেয়ে পুলিশ সোনিয়া আক্তার (২২) ও কন্যাশিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহামেদ পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে মা সোনিয়া আক্তার কন্যাশিশু ফাতেমাকে নিয়ে সিদ্ধিরগঞ্জের আদমজীর ৩নং পুকুরে ঝাঁপ দেয়। পরে এলাকাবাসী প্রথমে মা সোনিয়া আক্তারকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুকুরে তল্লাশি চালিয়ে প্রায় এক ঘণ্টা পর শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত সোনিয়া আক্তারের স্বামী মো. জসিমউদ্দিন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সরাফত উল্লাহ জানান, সংসারে অভাব-অনটনের কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হতো। পারিবারিক কলহের জের ধরে মা শিশুকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকলেও আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। হোসেন চিশতী সিপলু/এসএস/পিআর