কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর ঘাতকরা শনাক্ত হয়েছে। তাদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান চলছে। শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জাগো নিউজকে এসব তথ্য জানান। এছাড়া এ মামলায় একদিন করে রিমান্ডপ্রাপ্ত ৬ ছাত্রকে শনিবার ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও ডিবি সূত্রে জানা গেছে। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুবির বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ তার সশস্ত্র সহযোগীদের নিয়ে কুবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আলিফ-রেজা নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু হলে হামলা চালায়। এ সময় বিবদমান ছাত্রলীগের ওই দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র ও কবি নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা দেড়শজনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মো. রেজাউল ইসলাম, জাহিদুল আলম, আবুবকর ছিদ্দিক, সুদীপ্তনাথ, রুপম চন্দ্র দেব নাথ, সজন বরণ বিশ্বাসসহ ৬ ছাত্রকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বুধবার ওই ছাত্রদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর শেষে জেলহাজতে পাঠান। শনিবার তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শী ছাত্রদের বক্তব্য ও মামলার তদন্তে খালিদের উপর গুলি বর্ষণকারী ঘাতক ও হামলাকারীদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের যে কোনো সময় গ্রেফতার করা হবে।’ কামাল উদ্দিন/এসএস/আরআইপি