দেশজুড়ে

সাখাওয়াতের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে যশোরবাসী। ফাঁসি কার্যকরের মধ্যদিয়ে কলঙ্ক মোচন হবে বলে মনে করছেন মুক্তিযোদ্ধা, স্থানীয় এলাকাবাসী, আইনজীবী ও গণজাগরণে মঞ্চের নেতারা। এদিকে ফাঁসির রায় ঘোষণার পরপরই যশোরে ছাত্রলীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে।যশোর গণজাগরণ মঞ্চের আহ্বায়ক কাজী আবদুস শহীদ লাল জানান, যুদ্ধাপরাধী সাখাওয়াতের ফাঁসি ও সাতজনের আমৃত্যু কারাদণ্ড যুগান্তকারী রায়। এই রায়কে স্বাগত জানাচ্ছি। দেশবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে একমত পোষণ করে অবিলম্বে সাজা কার্যকর করা হোক।যশোরের কেশবপুরের বাসিন্দা ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. রফিকুল ইসলাম পিটু বলেন, সাখাওয়াতসহ যুদ্ধাপরাধীদের বিচারে দীর্ঘদিনের দাবি ছিল কেশবপুরবাসীর। দীর্ঘদিন পর এই যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হলো। সাখাওয়াতসহ যুদ্ধাপরাধীদের বিচারের রায়ে কেশবপুরের মানুষ হিসেবে আমি খুশি। অবিলম্বে বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজেক আহমেদ বলেন, ফাঁসির রায়ে যশোরবাসী আনন্দিত।অন্যদিকে মাওলানা সাখাওয়াতের ফাঁসির রায় ঘোষণার পর যশোর সরকারি এম এম কলেজ পুরাতন হলে ছাত্রলীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, এমএম কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, এমএম কলেজ পুরাতন হল ছাত্রলীগের সভাপতি আসলাম হোসেন প্রমুখ। মিলন রহমান/এআরএ/এমএস