নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ভোটের দিন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের আশেপাশে অবস্থান করে ভোট রক্ষা করতে হবে। আমাদের একটি-দুটি চোখ নয়, লাখ লাখ চোখ নিয়ে আমরা আমাদের ভোটকেন্দ্র পাহারা দেবো।
রোববার (৮ ফেব্রুয়ারি) নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের নাগরিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যাতে মানুষ নিজেদের অধিকার নিয়ে কথা বলতে না পারে।
লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকায় নারী অধিকার ও যুবকদের কর্মসংস্থানের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার।
রেজাউল করিম রেজা/এনএইচআর/এমএস