দেশজুড়ে

গণপিটুনিতে যুবকের পা ভেঙে দিল জনতা

যশোরে গণপিটুনিতে ইকবাল হোসেন নামে এক যুবকের পা ভেঙে দেয়া হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে সরকারি মাইকেল মধুসূদন কলেজের দক্ষিণ পাশে খড়কী এলাকার শাহ আবদুল করিম রোডে এ ঘটনা ঘটে। আহত ইকবাল হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন দাবি করেন, দুপুর ১ টার দিকে সরকারি মাইকেল মধুসূদন কলেজের দক্ষিণ পাশে খড়কী এলাকার শাহ আবদুল করিম রোডে এক যুবক একটি ভেসপা মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন। এসময় স্থানীয় জনতা ধরে তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।তবে খড়কীর বাসিন্দা এবং এমএম কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, ওই এলাকায় কোনো গণপিটুনির ঘটনা তাদের জানা নেই। হাসপাতালে চিকিৎসাধীন ইকবাল হোসেনের বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি কথা বলতে চাননি।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার কাজল মল্লিক জানান, ইকবাল হোসেনের ডান পায়ের হাঁটুর ওপর হাড় ভেঙে গেছে।এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর শহরের চিত্রা মোড়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে মোহাম্মদ আলী নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হন বলে পুলিশ দাবি করেছিল। মোহাম্মদ আলীও সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুর গ্রামের বাসিন্দা। আর শুক্রবার মধ্যরাতে উপ-শহর সি ব্লক এলাকায় একই ধরনের ঘটনায় মনিরুজ্জামান মনি নামে শহরের পূর্ববারান্দী এলাকার এক যুবক গণপিটুনির শিকার হন বলে পুলিশ জানায়। এই দুই যুবকেরও একটি করে পা ভেঙেছে কথিত গণপিটুনিতে।মিলন রহমান/এআরএ/আরআইপি