রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বাঙালি জাতির একজন বন্ধু, একজন জনক- তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে হত্যার মধ্য দিয়ে সেই স্বপ্ন ভেঙে ফেলার চক্রান্ত করা হয়েছে। সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বব্যাপী আলোচিত হয়ে সমৃদ্ধির পথে এগোচ্ছে- তখন একাত্তরের পরাজিত ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী মৌলবাদী চক্র অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে দেশকে অশান্ত করতে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তারা নিরীহ মানুষ ও বিদেশিদের টার্গেট করে হত্যাযজ্ঞে নেমেছে। জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে শোককে শক্তিতে পরিণত করে জঙ্গিবাদ-সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার শপথ নিতে হবে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মো. ওমর ফারুক, জসিম উদ্দিন চৌধুরী, শফিকুল ইসলাম শিকদার, আবুল কাশেম রওশন, জাহাঙ্গীর আলম রতন, ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, চিত্তরঞ্জন ভৌমিক, নুর-উর রহমান মাহমুদ তানিমসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।কামাল উদ্দিন/এআরএ/এবিএস