কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে টেকনাফ পৌর এলাকার চৌধুরীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ হোসেন কালু (৩০) চৌধুরীপাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। তিনি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদির ফুফাতো ভাই বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাতে চৌধুরীপাড়ায় ইয়াবার একটি চালান লেনদেনের খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবার চালান নিয়ে সন্দেহজনক এক যুবককে দৌঁড়ে একটি বাড়িতে ঢুকতে দেখে পুলিশ সদস্যরা ঘিরে ফেলে।পরে পুলিশ বাড়ির ভেতর থেকে দৌঁড়ে ঢোকা মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করে। এ সময় বাড়ির ময়লার স্তুপের ওপর ফেলে রাখা পলিথিনের একটি ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।এদিকে নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ পৌর এলাকার একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন, ইয়াবাসহ গ্রেফতার মোহাম্মদ হোসেন কালু সংসদ সদস্য আব্দুর রহমান বদির আপন ফুফাতো ভাই। তিনি এমপি বদির ফুফু হোসেন বানুর ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি মজিদ।উল্লেখ্য, কালু গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার জালিয়াপাড়ায় র্যা বের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনার মামলার পলাতক আসামি।সায়ীদ আলমগীর/এএম/পিআর