দেশজুড়ে

২৯ জন সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি

সাগর-রুনিসহ ২৯ জন সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সাংবাদিকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছেন। এখন তারা যা দেখেন তা লিখতে পারেন না। শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।বিএনপির মহাসচিব বলেন, সরকার ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা চালাচ্ছেন। নির্বাচনের নামে তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছেন। মির্জা ফখরুল আরো বলেন, সরকার ভারতের স্বার্থে সুন্দরবনের ক্ষতি করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছেন। জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাপার একাংশের মহাসচিব মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধান, কেন্দ্রীয় ন্যাপ নেতা মো. ফরহাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল আনোয়ারুল আজিম, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ। মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি