ক্যাম্পাস

কুবির দুই ছাত্রী তিন দিনের রিমান্ডে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সন্নিকটে সালমানপুর এলাকার প্রশান্তি নামের একটি বেসরকারি ছাত্রী নিবাসে বিস্ফোরণে ছাত্রী ফাহমিদা হাসান দগ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া দুই ছাত্রীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমী এ আদেশ দেন। রিমান্ডে নেয়া ছাত্রীরা হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মর্জিনা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার। জানা যায়, গত মঙ্গলবার সকাল ৬টার দিকে সালমানপুর গ্রামে মনিরুল ইসলাম মৃধার প্রশান্তি ছাত্রী নিবাসের নিচ তলায় বিস্ফোরণে ফাহমিদা দগ্ধ হন। এতে ওই ভবনের নিচতলার জানালার গ্রিল উড়ে যায় ও কাঁচ ভেঙে যায়। পরদিন বুধবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই শহীদুল বাশার সন্ত্রাস দমন আইনে অজ্ঞাত কয়েকজনসহ তিন ছাত্রীর বিরুদ্ধে মামলা করেন। মামলার তিন আসামি হলো, নুরুন্নাহার, মর্জিনা আক্তার ও দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান। ফাহমিদা অর্থনীতি দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তাকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খাদেমুল বাহার বলেন, দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চেয়েছিলাম, আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সোমবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার অন্যতম আসামি দগ্ধ ছাত্রী ফাহমিদা বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।কামাল উদ্দিন/এআরএ/এমএস