দেশজুড়ে

কালীগঞ্জে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ছয় জেলেকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত দিগেন্দ্র চন্দ্র দাসের ছেলে সুনীল চন্দ্র দাস (৫০), প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে কমল চন্দ্র দাস (৪০), বক্তারপুর গ্রামের হানিফের ছেলে রফিকুল ইসরাম (৩৫), মৃত ভজেন্দ্র চন্দ্র দাসের ছেলে সুবল চন্দ্র দাস (৪৫), বেরুয়া গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে ফালাইনা শেখ (৫০) ও গাজীপুর মহানগরী এলাকার বাড়িয়া গ্রামের মৃত ওপেন্দ্র চন্দ্র দাসের ছেলে নিকুঞ্জ চন্দ্র দাস। উপজেলা মৎস্য অফিসার লতিফুর রহমার জানান, মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানের সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় কারেন্ট জাল ব্যবহারের সময় ছয় জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের কাছ থেকে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় আটক জেলেদের প্রত্যেককে মৎস্য সম্পদ আইন রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর (৫) ধারা মোতাবেক ১ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল বক্তারপুর বাজার সংলগ্ন বক্তারপুর মডেল হাই স্কুল মাঠে পোড়ানো হয়। আব্দুর রহমান আরমান/এফএ/আরআইপি