কুমিল্লায় যুবলীগ নেতা তারিকুল হাসান টিটু হত্যা মামলায় গ্রেফতারকৃত লিমন ও হৃদয় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহর আদালতে ১৬৪ ধারায় গ্রেফতারকৃতরা এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে এ মামলায় অভিযুক্ত সাতজন ছাড়াও আরো একজনের নাম প্রকাশ করেছেন তারা।বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার লিমন ও হৃদয় আদালতে দেয়া জবানবন্দিতে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ মামলায় অভিযুক্ত সাতজন ছাড়াও দেলু নামে আরো একজনসহ আটজনের নাম প্রকাশ করেছে তারা। এর আগে মঙ্গলবার দুপুরে কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে টিটুর কঙ্কাল উদ্ধার করা হয়। নিহত তারিকুল ইসলাম টিটু ছিলেন দেবীদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি ও বানিয়াপাড়া এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।গ্রেফতার দুইজন হলেন, সফিকুল ইসলাম লিমন ও হৃদয়। লিমন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার আবুল হাসেমের ছেলে।আদালতকে তারা জানায়, গত বছরের ২ জুলাই গভীর রাতে টিটুর বন্ধুরা পরিকল্পিতভাবে টিটুকে শহরের ঠাকুরপাড়া শ্মশানঘাটে নিয়ে আসে। এ সময় টিটুসহ ঘাতকরা একসঙ্গে নেশা করে। একপর্যায়ে ঘাতক মোমেনসহ অপর এক বন্ধু টিটুর পায়ে গুলি করলে গুরুতর আহত হয়। পরে টিটুকে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নেয়া হয়। সেখানে তাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে রাখা হয়। ভোর রাতে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এরপর ওই পরিত্যক্ত বাড়িতেই তাকে মাটিচাপা দেয়া হয়। দুদিন পর টিটুর মরদেহ মাটির নিচ থেকে তুলে লবণ মিশিয়ে একটি বস্তায় ভর্তি করে পাশের সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। টিটু হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে টিটুর মা রাজিয়া সুলতানা বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত লিমন ও হৃদয় ছাড়া অপর পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হচ্ছেন, মোমেন, আরমান, রাশেদ, ছোট আরমান ও মোটা লিমন। টিটুর ঘাতকদের বিচারের দাবিতে বুধবার দুপুরে জেলার দেবিদ্বারে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে টিটুর উদ্ধারকৃত কঙ্কালের ময়নাতদন্ত শেষে সন্ধ্যার দিকে উপজেলার খয়রাবাদ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত টিটুর বড় ভাই রবিকুল ইসলাম মুঠো ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি