দেশজুড়ে

যুবলীগ নেতা হত্যা : আরেক আসামি গ্রেফতার

কুমিল্লায় যুবলীগ নেতা তারিকুল হাসান টিটু হত্যার ঘটনায় লিমন ওরফে মোটা লিমন নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার নগরীর ঠাকুরপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি তারিকুল হাসান টিটুর মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় টিটুর মা রাজিয়া সুলতানা বাদী হয়ে সাতজনকে আসামি করে ওই দিন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকা থেকে ডিবি পুলিশ এ মামলার এজাহারনামীয় আসামি নগরীর ঠাকুরপাড়া এলাকার লিলু মিয়ার ছেলে লিমন ওরফে মোটা লিমনকে (৩০) গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই শহিদুল ইসলাম জানান, টিটু হত্যা মামলার আসামি লিমন ওরফে মোটা লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালের ২ জুলাই গভীর রাতে টিটু ও তার বন্ধুরা নগরীর ঠাকুরপাড়া শ্মশানঘাটে গিয়ে একসঙ্গে নেশা করে। এসময় পূর্ববিরোধ নিয়ে বগবিতাণ্ডার একপর্যায়ে তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। এরপর তাকে বস্তায় ভরে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে গুম করে রাখা হয়। কামাল উদ্দিন/এআরএ/পিআর