কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা। বেশ কয়েকটি মেগা প্রকল্প দিয়ে যার নমুনা ইতোমধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন। তাই একে গোছালোভাবে সাজাতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। প্রধানমন্ত্রী যখন চেয়ারম্যানের গুরু দায়িত্ব দিয়েছেন, তখন তার স্বপ্ন পূরণে সবার সহযোগিতা কামনা করছি। গণমাধ্যমসহ সবার সহযোগিতা পেলে অতীতের অনিয়মের মাত্রা কমিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়া কঠিন নয়।জেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার বিকেল ৫টার দিকে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।কউক চেয়ারম্যান বলেন, সরকারি ও বেসরকারি সকল সংস্থার সঙ্গে বসে প্রত্যেকের সমন্বয়ে একটি পরিকল্পিত কক্সবাজার গঠন করা হবে। তাই এখন থেকে কোনো ধরনের অপরিকল্পিত কন্ট্রাকশন (বিল্ডিংয়ের কাজ) উন্নয়ন কর্তৃপক্ষের যথাযত অনুমতি ছাড়া করা যাবে না। পর্যটনের স্বার্থে ইচ্ছেমত দালান তৈরি রদ করতে হবে। আগের করা ভবনগুলোর বিষয়ে তিনি বলেন, হোটেল-মোটেল জোনসহ কক্সবাজারে বিভিন্ন এলাকায় অপরিকল্পিত ভবন তোলা হয়েছে। গত ২৭ তারিখ থেকে সব ধরনের নতুন ভবন তৈরি বন্ধ রাখতে বলা আছে। পরিচ্ছন্ন পর্যটন নগরীর স্বার্থে প্রশাসনিক অনুমতি সাপেক্ষে পুরোনো ভবন গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এসয় গণপূর্তের নির্বাহী প্রকৌশলি নুরুল আমিন মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা প্রকৌশলী বদিউল আলমসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস