দেশজুড়ে

আবাসিক হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের আবাসিক হোটেল থেকে আব্দুল খালেক তাজুল নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নেত্রকোনার চাঁদকোনা কমলাকান্তি বেনুয়া এলাকার আব্দুল মোনাফ ওরফে মনু মিয়ার ছেলে। সোমবার বিকেল ৩টার দিকে শহরের হলিড়ে মোড়ের ‘হোটেল সী-ল্যান্ডের’ ৩০১নং কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানায়, রোববার বিকেলে আব্দুল খালেক তাজুল নামের ওই পর্যটক সী-ল্যান্ড হোটেলের ৩০১ নম্বর কক্ষে ওঠেন। নিয়ম অনুযায়ী দুপুর ১২টায় হোটেলের পরিচ্ছন্নতাকর্মী কক্ষটি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে বন্ধ দেখে দরজায় কড়া নাড়েন। সাড়া না পেয়ে পরিচ্ছন্নতাকর্মী বিষয়টি হোটেল ম্যানেজারকে জানান। পরে হোটেলের ম্যানেজার দীর্ঘক্ষণ চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়। পুলিশ কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।ঘটনার সত্যতা স্বীকার করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। কারণ তিনি খাটের ওপর শোয়া অবস্থায় ছিলেন। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্নও দেখা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। সায়ীদ আলমগীর/এআরএ/পিআর