বিতর্কিত রাজনীতিবিদ খন্দকার মোশতাক আহমেদের বাবার নামে (হযরত কবির উদ্দিন কামিল ঈদগাহ) নামকরণকৃত ঈদগাহ মাঠে এ বছর ঈদুল আযহার নামাজ আদায় নিয়ে আপত্তি উঠেছে গ্রামবাসীর মধ্যে। তাই সোমবার পার্শ্ববর্তী জাগির গ্রামবাসী বিতর্কিত ব্যক্তির বাবার নামে ওই ঈদগাহ মাঠটির নাম পরিবর্তন করতে সমবেত হয় দশপাড়ায়। এক পর্যায়ে জাগির গ্রামবাসী দশপাড়া ঈদগাহ মাঠের সাইনবোর্ড মুছে ফেলেন। এই নিয়ে সোমবার দিনভর দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাই মঙ্গলবার ওই ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে বিবদমান দুই গ্রামবাসী মুখোমুখি অবস্থানে থাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জাগো নিউজকে জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মঙ্গলবার পুলিশ মোতায়েন থাকবে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, ওই ঈদগাহ মাঠে মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়াও ঈদের দিন ওই মাঠে এবং আশপাশে কুরবানির পশুও জবাই না করার নিদের্শনা দেয়া হয়েছে।কামাল উদ্দিন/এসএস/এমএস