যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার সার উৎপাদন। শনিবার সকাল থেকে এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে প্রতিদিন প্রায় ১২’শ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ নিয়ে গত এক মাসে তিনবার বন্ধ হলো আশুগঞ্জ সার কারখানার উৎপাদন।কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান জাগোনিউজকে জানান, কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কমপ্রেসারে লিকেজ হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর চেষ্টা করছেন। তিনি আরও জানান, বর্তমানে কারখানায় নিজস্ব কোনো সার মজুদ না থাকলেও আমদানিকৃত এক লাখ টন সার মজুদ থাকায় কারখানার কমান্ডভুক্ত সাত জেলায় সার সঙ্কট দেখা দেওয়ার কোনো সম্ভবনা নেই। বিএ/এমএস