দেশজুড়ে

নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বমানের শিক্ষা দিতে হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের মাঝে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে। তাদের প্রযুক্তিনির্ভর বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে হবে। নৈতিক মানবিক ও আধুনিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। রোববার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে ও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়ায় জঙ্গিরা মানুষ হত্যা করছে। পাশ্চাত্যের বিভিন্ন দেশেরও জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, এটা একটা বৈশ্বিক সমস্যা, এ সমস্যা মোকাবেলা করতে এবং শিক্ষাঙ্গনকে জঙ্গিমুক্ত রাখতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সকলের সহায়তা নিয়ে দেশে জঙ্গিবাদ মোকাবেলা করা হচ্ছে। যেসব জঙ্গি ইতিমধ্যে মারা গিয়েছে তাদের মরদেহ বাবা-মাসহ কেউ গ্রহণ করছেনা।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. অরুনা বিশ্বাস, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল খালেক, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েফ উল্লাহ, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, কারিগরী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, পাঁচ দিনের এ আসরে দেশের বিভিন্ন অঞ্চলের ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও সাতটি মাদরাসার সর্বমোট ৪২৪ জন এ প্রতিযোগিতায় অংশ নিবে। এরমধ্যে ২৬৪ জন ছাত্র এবং ১৬০ জন ছাত্রী প্রতিযোগী রয়েছে। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি