দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু : ডিজিএমসহ ৫ জন বরখাস্ত

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম জাকির হোসেনসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফজলে রাব্বি মিয়া। তিনি বলেন, পল্লী বিদ্যুতের হেড অফিস থেকে পাঁচজনকে বরখাস্তের খবর পেয়েছি।   এদিকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ফজলে রাব্বি মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি খালে গোসল করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এ সময় আরো সাতজন আহত হয়। নিহতরা হলেন, বন্দর উপজেলার শুভকরদী এলাকার কিতাবউদ্দিনের ছেলে সৌদী আরব প্রবাসী মো. মাসুদ (৩৩) একই এলাকার সেন্টু ঘোষের স্ত্রী কৃষ্ণা রাণী ঘোষ (৩০) ও তার মেয়ে শান্তি রাণী ঘোষ (৪)। আহতরা হলেন, কলাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান, তার ছেলে রাকিবুর রহমান, ভাগিনা সাফিনুর রহমান ও একই এলাকার রোকসানা বেগম, খোদেজা বেগম ও ববিতা রানী ঘোষ। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি