দেশজুড়ে

যুবলীগ নেতা হত্যায় অস্ত্রসহ আসামি গ্রেফতার

কুমিল্লায় যুবলীগ নেতা তারিকুল হাসান টিটু হত্যা মামলার এজাহারভূক্ত আসামি মমিন ওরফে কানা মমিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরীর মনোহরপুর হোটেল সালাহ উদ্দিন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ রাইন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। মমিন নগরীর ঠাকুরপাড়া এলাকার নানু মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন।   ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট দুপুরে নগরীর ঠাকুরপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে টিটুর মাথার খুলি, দেহের বিভিন্ন অংশের হাড় উদ্ধারের পর কানা মমিন তার সহযোগিদের নিয়ে শহর ছেড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে কানা মমিন অস্ত্র নিয়ে নগরীর মনোহরপুর হোটেল সালাহ উদ্দিন মোড়ে অবস্থানকালে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম রিভলবারসহ তাকে গ্রেফতার করে। কামাল উদ্দিন/এফএ/এবিএস