সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রিম নিটওয়ার নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। পরে বেপজা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে তারা কাজে যোগ দেন। তবে কর্মবিরতি চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিকেল ৩টার দিকে ওই কারখানা ছুটি ঘোষণা করা হয়। সোমবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেবেন বলে জানা যায়। শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- হাজিরা বোনাস ৪০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা, খাবার ও যাতায়াত ভাতা এক হাজার ৫৩০ থেকে ২০০০ টাকা, টিফিন বাবদ ৩০ থেকে বাড়িয়ে ৩৫ টাকা ও বেতন-ভাতা রাতে না দিয়ে দিনের বেলা পরিশোধ করা। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, শ্রমিকরা কিছু দাবি নিয়ে কর্মবিরতি পালন করেছিল। পরে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা কাজে যোগ দেয়।হোসেন চিশতী সিপলু/এএম/পিআর