কুমিল্লায় বিদেশি টাকা নিয়ে বিরোধের জের ধরে হামলায় আবদুল করিম (৪৫) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় বিএনপি নেতা বেলায়েত হোসেন বিল্লালসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রোববার রাতে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পাচোড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী আবদুল করিমকে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি বেলায়েত হোসেন তার এক আত্মীয়কে সৌদির ভিসা দেয়ার জন্য ৫ লাখ টাকা দেন। কিন্তু সময় মতো ভিসা দিতে না পারায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এদিকে, দুই মাসের ছুটিতে আবদুল করিম দেশে আসার পর বিরোধ আরো চরম আকার ধারণ করে। টাকা ফেরত দিতে এ নিয়ে এলাকায় একাধিক সালিশ-দরবারও হয়। নিহত আবদুল করিমের ভাই শরিফুল ইসলাম জানান, রোববার রাতে এশার নামাজের সময় ৩০/৪০ জন লোক লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা বাসা থেকে স্বর্ণালংকার, আসবাবপত্র, ল্যাপটপ, মোবাইলসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ সময় বাধা দেয়ায় প্রবাসী করিমের উপরও হামলা চালানো হয়। ওই হামলায় নারীসহ আরো ৬ জন আহত হয়। এদের মধ্যে প্রবাসী করিমকে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে আনার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা বিল্লাল, আবু তাহের, গাজী মনির হোসেনসহ ৬ জনকে আটক করেছে। ওই প্রবাসীর মরদেহ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। কামাল উদ্দিন/এসএস/এমএস