দেশজুড়ে

না.গঞ্জে বিএনপি নেতা খসরুর জামিন লাভ

পুলিশের উপর হামলা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এমএ বদরুজ্জামান খান খসরু জামিন পেয়েছেন। খসরু একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতির পদে রয়েছেন।  বুধবার নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।আসামি পক্ষের আইনজীবী অ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন, এএম বদরুজ্জামান খান খসরু গণতান্ত্রিক আন্দোলনে একজন নিবেদিত প্রাণ। খসরু কখনোই অগণতান্ত্রিক কাজে নিয়োজিত ছিলেন না। তাই হয়রানিমূলক মামলায় খসরুকে আসামি করা হয়েছে। আদালতে বিষয়টি তুলে ধরেছি। আদালত খসরুর জামিন আবেদন মুঞ্জুুর করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মিছিল বের করলে সেখানে পুলিশ লাঠি চার্জ করে। ওই ঘটনায় সদর থানা পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় আসামি করা হয় এএম বদরুজ্জামান খান খসরুসহ বেশকজন বিএনপির নেতাকর্মীরাকে।  মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার। এছাড়া এমএ বদরুজ্জামান খান খসরুর জামিন আবেদন শুনানিতে অংশগ্রহণ করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুল বারী ভুইয়া, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হামিদ খান ভাসানী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম মোল্লা, সহ-সভাপতি অ্যাড. আজিজুর রহমান হান্টু, অ্যাড. রকিবুল হাসান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আজিজুর রহমান মোল্লা, অ্যাড. সিদ্দিক, অ্যাড. আনোয়ার, অ্যাড. বাসেদ মিয়া, অ্যাড. তারিকুল ইসলাম বুলবুল, অ্যাড. আমেনা খাতুন, অ্যাড. আবুল কালাম আজাদ জাকির, অ্যাড. আজিজ আল মামুন, অ্যাড. একেএম ওমর ফারুক নয়ন, অ্যাড. শরীফুল ইসলাম শিপলু ও অ্যাড. মামুন মাহামুদ মিয়াসহ প্রায় অর্ধশত আইনজীবী।  শাহাদাত হোসেন/এফএ/আরআইপি