গাজীপুরে দেলোয়ার হোসেন (৩০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।দেলোয়ার হোসেন টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪নং ব্লকের বাসিন্দা। টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, দেলোয়ার মালয়েশিয়া প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হোসেন তার দলবল নিয়ে সকালে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়।এ সময় দেলোয়ার বাধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।আমিনুল ইসলাম/এসএস/আরআইপি