গণমাধ্যম

মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ : সাংবাদিকসহ আহত ২৫

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বৈধ গ্যাস সংযোগসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচিতে লাঠিচার্জ করেছে ডিবি পুলিশ। এতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।সিটি কর্পোরেশন এলাকায় বৈধ সংযোগের দাবিতে গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির ব্যানারে রাজবাড়ি সড়কের পাশে সকাল ১০টা থেকে মানববন্ধন শুরু হয়। এতে গাজীপুরের বিভিন্ন এলাকার কয়েক’শ লোক অংশ নেয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ওই কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ওই কমিটির মহাসচিব ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর জবেদ আলী জবে, আজিজুর রহমান শিরিশ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যের শেষের দিকে (দুপুর সোয়া ১২টার দিকে) পুলিশ ওই মানববন্ধনে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে যমুনা টিভির গাজীপুর প্রতিনিধি মো. মহিউদ্দিন রিপন, ক্যামেরা পার্সন ফখরুল ইসলাম ফাহিম, এনটিভির ক্যামেরাম্যান দেবেশ মল্লিক, দৈনিক খবর বাংলাদেশ’র প্রতিনিধি মো.আক্তার হোসেন, দৈনিক নবচেতনার গাজীপুর প্রতিনিধি মাসুদ রানাসহ অন্তত ২৫ জন আহত হয়।  লাঠির আঘাতে যমুনা টিভি প্রতিনিধির ক্যামেরা, মোবাইল সেট ভেঙে যায়।গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন, জেলা প্রশাসন ও পুলিশের অনুমতি ছাড়া মানববন্ধন করছিল। এ সময় রাজবাড়ি সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়। ডিবি পুলিশ মানববন্ধনকারীদের সরাতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেয়।গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, গাজীপুর মহানগর উন্নয়ন কমিটির শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ হামলা করে সাংবাদিক ও সাধারণ মানুষকে আহত করেছে।এদিকে গাজীপুর মহানগরীতে গ্যাসের অবৈধ সংযোগ বৈধ করার জন্য দাবি জানিয়ে আসছে অবৈধ সংযোগ গ্রহণকারীরা। তারা জানায়, লাখ লাখ টাকা দিয়ে ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে গ্যাসের সংযোগ নেয়। কিন্তু বর্তমানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই সব অবৈধ সংযোগ বিচ্ছন্ন করছে এবং অবৈধ সংযোগ গ্রাহকদের নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।আমিনুল ইসলাম/এসএস/আরআইপি