দেশজুড়ে

সাত খুন : ৫ দিনে ২০ জনের জেরা সম্পন্ন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দু’টি মামলার জেরার ৫ম দিনে ২০ জনের জেরা সম্পন্ন হয়েছে। জেরায় আসামিপক্ষের আইনজীবীরা মামলার তদন্তকারী কর্মকর্তাকে নানা বিষয়ে প্রশ্ন করে আসামিদের নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের দু’টি মামলার জেরা সম্পন্ন হয়। এতে গ্রেফতার নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামির উপস্থিতিতে ২০ আসামির পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডলকে জেরা করা হয়। শুনানি শেষে আগামী ১০ অক্টোবর পরবর্তী জেরার দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে পাঁচবার ২৫ জনের জেরা সম্পন্ন হয়েছে।এর আগে সকালে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।  আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন জানান, এ নিয়ে ২৫ জনের জেরা সম্পন্ন হয়েছে। আশা করছি এবছরই প্রসিকিউশনের কাজ শেষ হবে। আগামী ১০ অক্টোবর সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সেদিনও তদন্তকারী কর্মকর্তাকে জেরা করা হবে বলে জানান তিনি।  ল্যান্স নায়েক হীরা মিয়া, কর্পোরাল রুহুল আমিন, পলাতক কর্পোরাল মোখলেছুর রহমান, সৈনিক আবদুল আলিম, মহিউদ্দিন মুন্সীর পক্ষে অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন জেরা করেন। এছাড়া এএসআই কামাল হোসেন ও কনস্টেবল হাবিবুর রহমান হাবিবের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ হোসেন জেরা করেন। আসামি আলামিন, তাজুল ইসলাম, এনামুল কবির. হাজতি আসামি ল্যান্স নায়েক বেলাল হোসেন হোসেনের পক্ষে অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক জেরা করেন তন্তকারী কর্মকর্তাকে। আসামি আরিফুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট রনজিৎ মন্ডল, হাজতি আসামি সিহাবউদ্দিন ও আবু তৈয়্যবকে অ্যাডভোকেট মিজানুর রহমান জেরা করেন। এএসআই হাজতি বজলুর রহমান ও আসাদুজ্জামান নূরের পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, পলাতক সেলিম, সানাউল্লাহ ও হাজতি আসামি এএসআই আবুল কালাম আজাদ, সৈনিক নুরুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন।মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস