দেশজুড়ে

শার্শায় বোমা বিস্ফোরণে অন্তঃসত্ত্বা গৃহবধূ আহত

যশোরের শার্শায় বোমা বিস্ফোরণে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। হালিমা বেগম (২৬) নামে ওই নারী শার্শা উপজেলার উলাশী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হালিমার বোন ফরিদা ইয়াসমিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে তার বাড়ির পেছনে রাখা বিচালি আনতে যান হালিমা। এসময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্রিন্টারের আঘাতে হালিমা গুরুতর আহত হন। এ ঘটনা পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন।হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, আহত হালিমা হাসপাতালে ভর্তি আছেন। সার্জারি এবং গাইনীর ডাক্তার তাকে চিকিৎসা দিচ্ছেন। ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত হালিমার অবস্থা বলা যাবে না।এ ঘটনায় শার্শা থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, তিনি জেলা পুলিশের কনফারেন্সে আছেন। বিষয়টি তিনি জানেন না বলে জানান। পরে  থানায় যোগাযোগ করা হলে এসআই মুরাদ হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমার একটি স্প্রিন্টার হালিমার তলপেটে লেগেছে। ডাক্তাররা সেটি বের করেছেন। যেহেতু তিনি গর্ভাবস্থায় রয়েছেন, সে কারণে গাইনি ডাক্তাররা তাকে ভালোভাবে পরীক্ষার জন্য হাসপাতালে রেখেছেন। তিনি আরো বলেন, বাড়ির দেওয়ালের ধারে বিচালির গাঁদার মধ্যে কে বা কারা বোমাটি রেখেছিল। হালিমা গরুর জন্যে একটি বিচালি টানলে বোমাটির বিস্ফোরণ ঘটে।জামাল হোসেন/এমএএস/এমএস