জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের টিম কুমিল্লা অঞ্চলে বিভিন্ন সিএনজি স্টেশনে মিটার কারসাজিসহ গ্যাস চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। গত এক সপ্তাহ যাবত চলমান ওই অভিযানে ইতোমধ্যে অন্তত হাফ ডজন সিএনজি ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে গ্যাস চুরির কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানের ভেতর প্রতিস্থাপন করা বিপুল পরিমাণ সিলিন্ডার জব্দ করা হয়। জানা যায়, দীর্ঘ দিন ধরে বাখরাবাদ গ্যাসের সেলস ডিপার্টমেন্টের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি থেকে ফেনী এলাকার বিভিন্ন সিএনজি স্টেশন ও বিভিন্ন কল-কারখানায় অবৈধভাবে মিটার কারসাজিসহ সুকৌশলে গ্যাস চুরি অব্যাহত ছিল। এমনকি বাসা-বাড়িতে অবৈধ সংযোগ দেয়া অব্যাহত ছিল। কিন্তু সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান যোগদানের পর থেকে ফিলিং স্টেশন ও কারখানায় গ্যাস চুরি বন্ধে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি প্রতিরোধে সর্তকীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান জোরদার করা হয়।গত এক সপ্তাহে বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান এর সার্বিক তত্ত্বাবধানে ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ইউসুফ আলী এবং কোম্পানির সেলস ডিপার্টমেন্ট ও ভিজিল্যান্স টিমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সর্বশেষ গত বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকার নূর অ্যান্ড ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশন এবং আমতলী এলাকার সাবুরিয়া সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কেটে নেয়া হয়। এছাড়াও এসব অভিযানে কাভার্ডভ্যান ও রিকশা ভ্যানের ভেতর বিশেষ কৌশলে সিলিন্ডার প্রতিস্থাপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে গ্যাস চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সিলিন্ডারসহ কাভার্ডভ্যান ও রিকশা ভ্যান জব্দ করা হয়। এর আগে গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব (অপারেশন-২) মো. মোকাম্মেল হকের নেতৃত্বে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেড সোহাগ চন্দ্র সাহার উপস্থিতিতে অভিযান চালিয়ে মিটার কারসাজির মাধ্যমে গ্যাস চুরির অভিযোগে কুমিল্লা ঝাগুরঝুলি বিশ্বরোড এলাকার রাহ্মা, আলেখাচর এলাকার স্বজন সিএনজি স্টেশন এবং দেবিদ্বারের সাহার পাড় কুমিল্লা সিএনজি স্টেশন এবং সোয়াগাজি এলাকার ভূইয়া সিএনজি ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাইমুল আলম খান। এ বিষয়ে বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান জানান, অবৈধ উপায়ে সিএনজি স্টেশন ও অন্যান্য কারখানায় মিটার কারসাজিসহ বিভিন্ন উপায়ে গ্যাস চুরি প্রতিরোধ করতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। তাই সরকারি এ গ্যাস সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কামাল উদ্দিন/এসএস/এমএস