জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালাচ্ছেন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, সোয়াত ও গাজীপুর জেলা পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে ওসমান আলীর দোতলা বাড়িতে এ অভিযান শুরু হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ওই বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের থেমে থেমে গোলাগুলি চলছিল বলে জানা গেছে।এদিকে ঘটনাস্থলে গিয়ে দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।তিনি বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ এই বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান শুরু হয়। এ সময় জঙ্গিরা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পুলিশ লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও এ সময় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এখনো থেমে থমে গুলিবিনিময় চলছে। তিনি জানান, কতজন জঙ্গি এখানে আছে বা তাদের পরিচয় কি তা জানা যায়নি। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।এর আগে সকালে গাজীপুর ডিবির ইন্সপেক্টর আমির হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তবে সেখান থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের হারিনাল এলাকায় একটি একতলা বাড়িতে অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত এবং একে-২২ রাইফেলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।আমিনুল ইসলাম/এসএস/এবিএস