কুমিল্লায় আবু ইউছুফ নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের মুগসাইর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের স্ত্রী রেখা আক্তার জানান, শনিবার রাত ৮টার দিকে স্বামী আবু ইউছুফ (৩২) ওষুধ আনতে গ্রামের পাশে মতিন মার্কেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়। রোববার বাড়ির অদূরে একটি ডোবায় মরদেহের সন্ধান পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করা হয়। নিহত ব্যবসায়ী মুগসাইর গ্রামের আবদুল মান্নানের ছেলে। বিকেলে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের মাথার পিছনের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এখনো হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি