দেশজুড়ে

পাতারটেকের বাড়ির মালিকের স্ত্রী ও ভাই আটক

গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেকের বাড়ির মালিকের স্ত্রী ও ভাইকে আটক করেছে পুলিশ। রোববার রাতে জয়দেবপুর ও কালীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে। শনিবার সকালে পাতারটেকের বাড়িটিতে অভিযানের পর তারা কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই তাদের আটক করা হয়। সোমবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান। আটকরা হলেন- বাড়ির মালিক সৌদি প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী সালমা বেগম (৩২) ও সোলায়মান সরকারের ভাই জাঙ্গালিয়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে ওসমান সরকার (৪৮)। পুলিশ সুপার জানান, অভিযানে ৭ জঙ্গি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আটকদের নাম নেই। ওই যুবকদের কীভাবে এবং কোনো পরিচয়ে ভাড়া দিয়েছিলেন এসব তথ্য জানতে ৫৪ ধারায় তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, ভোটার আইডি কার্ড নিয়ে ওই যুবকদের ভাড়া দিয়েছিলেন। কিন্তু বাড়ির মালিক পুলিশকে ভাড়াটেদের কোনো তথ্য থানায় জানাননি। যদিও বাড়ির মালিকদের তাদের ভাড়াটিয়াদের সম্পর্কে সকল তথ্য থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। ভাড়াটিয়াদের তথ্য গোপন করে তারা বাড়ি ভাড়া দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়।উল্লেখ্য, শনিবার গাজীপুরের হাড়িনালের লেবুবাগান ও নোয়াগাঁওয়ের পাতারটেকের দু’টি বাড়িতে অভিযান চালায় গাজীপুর জেলা পুলিশ, সোয়াত ও র্যাব। এ সময় পাতারটেকে ৭ এবং লেবুবাগানে ২ জঙ্গিসহ মোট ৯ জঙ্গি নিহত হয়। পাতারটেকে ৭ জঙ্গি নিহতের ঘটনায় জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বাদী হয়ে ৭ জঙ্গি ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রোববার দুপুরে থানায় মামলা করেন। অপরদিকে, হাড়িনালের লেবুবাগান এলাকায় র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়। এ ঘটনায় র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদীন বাদী হয়ে রোববার রাত সাড়ে ৯টায় জয়দেবপুর থানায় একটি মামলা করেন।আমিনুল ইসলাম/এসএস/এবিএস