যশোরের মণিরামপুরে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়মের দায়ে এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ডিলার শহিদুল ইসলাম শাহিন মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার সদর ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণের উদ্বোধন করা হয়। ওই দিন কার্ডধারীরা চাল কিনে ওজনে কম পাওয়ার অভিযোগ করেন। মঙ্গলবার কার্ডধারীরা চাল কিনে ওজনে কম পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানকে অবহিত করেন। দুপুরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মণিরামপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মিলন রহমান/এএম/আরআইপি