যশোর শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার খালেদা বেগম (৫৫), আনোয়ার হোসেন (৩০), মাগুরা জেলা শহরের নিজনান্দুয়ালী এলাকার মুরসালিন (৩৩), একই এলাকার মুসলিমা আক্তার মিম (১৭), রংপুর বদরগঞ্জের সাজ্জাদ হোসেন (৩২), খুলনা নগরীর টুটপাড়ার আবদুল খালেক (৩৫), একই এলাকার সালাম সরদার (২৮), খুলনার ফুলতলার করিমন নেছা (৩৫) ও একই এলাকার নাদির গাজিসহ (৩০) অজ্ঞাত আরও কয়েকজন। আহত বাসযাত্রী রংপুরের বদরগঞ্জের সাজ্জাদ হোসেন জানান, পরিবহনটি খুলনা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে তিনি খুলনা থেকে মধুমতি পরিবহনের একটি বাসে করে মাগুরা যাচ্ছিলেন। বাসটি যশোর শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।মিলন রহমান/এফএ/পিআর