দেশজুড়ে

নিখোঁজ স্কুলছাত্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্র শাহাদাৎ হোসেন সিফাতের (১৩) দ্বি-খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার নাঙ্গলকোট উপজেলার কৈরাশ গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। সিফাত একই গ্রামের নতুন বাড়ির নুরুল হকের ছেলে ও স্থানীয় জোড্ডা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত রোববার বিকেল থেকে সিফাতকে না পেয়ে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। বৃহস্পতিবার সিফাতের মাথা কৈরাশ গ্রামের মিয়াজী বাড়ির পুকুরে এবং দেহ পাশের ধান ক্ষেতে পাওয়া যায়। খবর পেয়ে তার স্বজনরা মরদেহ সনাক্ত করে। সিফাতের মা হাসিনা আক্তার জানান, তার ছেলে গত রোববার বিকেলে খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আইয়ুব জানান, মরদেহ পচে গেছে। দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো হত্যার কারণ জানা য়াযনি।বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।কামাল উদ্দিন/এফএ/এবিএস