বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরললেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার বিকেল ৫টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।ফেরত আসা নারীরা হলেন- নড়াইলের সাথী খাতুন (২৫) ও পিয়ারী বেগম (২৯), খুলনার নাসরিন সুলতানা (২৬), গাইবান্ধার ফরিদা খাতুন (৩০), ব্রাহ্মণবাড়িয়ার শিলা খাতুন (২৭), রাজশাহীর আশা আক্তার (৩৪), খুলনার শিউলি খাতুন (৩২), খাদিজা খাতুন (৩১), যশোরের রেশমা বেগম (২৩) ও নারায়ণগঞ্জের মল্লিকা বেগম (৩৪)।বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইকবাল মাহমুদ জানান, অভাব-অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারত গিয়েছিলেন তারা। সেখানে বাসাবাড়ির কাজ করার সময় কলকাতার পুলিশের কাছে ধরা পড়ে। পরে আদালতের মাধ্যমে তারা ‘নবজীবন’ নামে একটি শেল্টার হোমে বিভিন্ন মেয়াদে সাজার পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চিঠি চালাচালির একপর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফেরত আসা নারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে যশোর রাইটস ও জাস্টিস কেয়ার নামের মানবাধিকার সংস্থার কাছে তুলে দেয়া হয়েছে। রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সৈয়দ আমিন আনাচ জানান, যশোর জাস্টিস কেয়ার ফেরত আসাদের মধ্যে ছয়জনকে এবং রাইটস যশোর চারজনকে গ্রহণ করেছে। পরে তাদের স্ব-স্ব পরিবারের কাছে ফেরত পাঠানো হবে। জামাল হোসেন/এআরএ/আরআইপি