দেশজুড়ে

গাজীপুরে স্কুলছাত্র হত্যায় যুবকের ফাঁসি

গাজীপুরের স্কুলছাত্র মো. সেলিম হত্যা মামলায় নূরুল ইসলাম (৩২) নামে এক যুবকের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ দণ্ডাদেশে দেন। দণ্ডাদেশপ্রাপ্ত নূরুল ইসলাম সদর উপজেলার ক্ষুদেবর্মী এলাকার হামিদ আলীর ছেলে।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৭ সালের ৯ জানুয়ারি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. সেলিম ও তার বন্ধু মো. রাকিব হোসেনকে বরই ফল খাওয়ানোর কথা বলে খুন্দিয়া গ্রামের সোবহানের স্ত্রী হাসনারা বেগমের বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই বাড়ির তত্ত্ববধায়ক মো. নুরুল ইসলাম কাঠকাটার একটি বাটাল নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মো. সেলিমকে ধরে ফেলে এবং নুরুল ইসলামের হাতে থাকা বাটালটি সেলিমের পেটে ঢুকিয়ে দেয়। গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি এবং বাড়ির মালিক হাসনারা বেগমকে হুকুমের আসামি করে ওদিনই জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন তদন্ত শেষে আসামি নুরুল ইসলামকে অভিযুক্ত করে ওই বছরের ৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার আদালত রায় দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে আইজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আতাউর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অহিদুজ্জামান আকন্দ।মো. আমিনুল ইসলাম/এএম/এমএস