বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষে যশোরের বেনাপোল-শার্শায় সাজসাজ রব। সম্মেলনকে সফল করতে মেয়র ও এমপি গ্রুপের সমর্থকরা পাল্লা নির্মিণ করছেন তোরণ। সীমান্তের গ্রাম শহর ও বন্দর এলাকায় ছেয়ে গেছে পোস্টার ব্যানার ফেস্টুন। প্রতিদিন চলছে মিছিল মিটিং। গ্রামের নেতা কর্মীরা ভাসছে উৎসব আমেজে। নেতা কর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। বেনাপোল পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে ও গুরুত্বপূর্ণ সড়কে আলোর ঝলকানিতে পুলকিত হচ্ছে নেতা কর্মীরাসহ পথচারীরা। স্বাধীনতা পরবর্তীতে এই প্রথম কেন্দ্রীয় সম্মেলনের উৎসব আনুষ্ঠানিকতা ছড়িয়ে পড়েছে গাঁ গ্রামে এমনটাই জানান দলীয় নেতারাসহ স্থানীয়রা।শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপির নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতোমধ্যে এলাকায় সভা করেছেন। আমাদের শহর থেকে গ্রামের নেতাকর্মীরা প্রতিদিন মিছিল সভা করে চলেছেন। সম্মেলনে যোগদান করার জন্য নেতাকর্মীরা ঢাকায় যেতে প্রস্তুতি নিচ্ছে। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হুসাইন বলেন, সম্মেলন সফল করতে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে উপজেলাজুড়ে মিছিল মিটিং চলছে পথসভা। নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মিন্নু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম লিটন পৃথকভাবে একাধিক স্থানে তোরণ, ব্যানার ফেস্টুন ও আলোক সজ্জা করেছেন। চলছে ডেলিগেট ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা সভা। বিভিন্ন স্থানে করা হচ্ছে মিছিল ও পথসভা। নেতা-কর্মীরা ফিরে পাচ্ছেন প্রাণ-চাঞ্চল্য। মেয়র লিটন দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েক দফায় বৈঠক করেছেন বলে জানান তারা। জামাল হোসেন/এআরএ/এবিএস