যশোরের কেশবপুরে শওকত মোড়ল (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। শনিবার সকালে কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শওকত মোড়ল কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকার জয়নাল মোড়লের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন শওকত মোড়ল। তিনি হাড়িয়াঘোপ এলাকার বিলে ঘুণি দিয়ে মাছ ধরেন। কিন্তু রাতে আর ফেরেননি। শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ বিলের পাশে একটি রাস্তার উপর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। নিহতের মাথা বুকসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, জমিজমা নিয়ে শওকতের সঙ্গে তার ভাই নজরুল ইসলামের দ্বন্দ্ব ছিল। এ দ্বন্দ্বের জের ধরে নজরুলের ছেলেরা তাকে হত্যা করতে পারে। এর পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই নজরুল ইসলামকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই নজরুল ইসলামকে থানায় আনা হয়েছে।মিলন রহমান/এসএস/এমএস