বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কর্মচারীরা। বুধবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর (বিশ্বরোড) এলাকার কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর সদর দফতরের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা পল্লী সমিতি-২ এর সদর দফতর প্রাঙ্গণে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন সমিতিতে কর্মরত প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তি নবায়ন বাতিল ও চাকরি হারানোর আতঙ্কে রয়েছেন। পরে দুপুরে কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রায় ১৫ মিনিটের অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অবরোধস্থলে এসে কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। কামাল উদ্দিন/এফএ/এমএস